শাকিবের কাছে সালমান ‘ভাটির আগে উজানের ঢেউ’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০১:১০ পিএম

সালমান শাহকে ২৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করলেন শাকিব খান। বাংলা চলচ্চিত্রে চিরসবুজ নায়কের অবস্থানকে তুলে ধরলেন তিনি। শাকিবের মতে, আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন।

অফিশিয়াল ফেইসবুক পেজে শাকিব সোমবার লেখেন, “একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী।”

“৯০ এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষরাও তার স্মৃতিগুলো এখনো লালন করেন। তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন। ”

সালমানকে নিজের অনুপ্রেরণা মনে করেন শাকিব। এ প্রসঙ্গে বলেন, “শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনুপ্রেরণা থেকে শিল্পীরা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেন। সালমান শাহর অভিনয় দেখে, তার সিনেমা দেখে আমারও সেই অনুপ্রেরণা হতো! একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ নামের সেই পরশপাথর, যার ছোঁয়ায় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল।”

“তিনি আমাদের চলচ্চিত্রের এমন ধ্রুবতারা যিনি দূর আকাশে অবস্থান করেও আলোকিত করেন মানুষের হৃদয়। তার মৃত্যুদিন এলে তাই স্বভাবতই আমাদের মন খারাপ হয়ে যায়। আবার কিছুদিন পরেই আসে তার জন্মদিন; তখন আবার এই ভেবে ভালো লাগে যে সালমান শাহ স্বল্পায়ু হলেও অন্তত বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য”, এভাবেও বললেন ঢালিউডের এক নম্বর নায়ক।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে সালমান শাহর আবির্ভাব। তুমুল জনপ্রিয়তার মাঝে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত