যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গত রবিবার এক ব্যক্তি গুলি করে চারজনকে হত্যা করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তার তিন মাস বয়সী সন্তান রয়েছে। হত্যার পর ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
ওই ব্যক্তির নাম ব্রায়ান রিলে (৩৩)। তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক সদস্য। ব্রায়ান রিলের গুলিতে ১১ বছরের একটি মেয়েও আহত হয়েছে। তার অস্ত্রোপচার চলছে। পক কাউন্টির শেরিফ গ্রেডি জাড এক সংবাদ সম্মেলনে জানান, ১১ বছরের ওই মেয়ের শরীরে সাতটি গুলি লেগেছিল।
রয়টার্সের খবরে জানা যায়, কাউন্টি শেরিফ গ্রেডি জাড বলেন, রিলে নিজেও গুলিতে আহত হন। পুলিশের সঙ্গে তার গোলাগুলি চলে। তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাডের ভাষ্য, ইরাক ও আফগানিস্তানযুদ্ধে নিরাপত্তাকর্মী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন রিলে। তার বান্ধবী তদন্তকারীদের বলেন, রিলে মানসিক চাপ এবং পেশাগত কারণে হতাশায় ভুগছিলেন। ওই বান্ধবীর সঙ্গে রিলের চার বছর ধরে সম্পর্ক রয়েছে।
জাড বলেন, রিলে গত শনিবার রাতে প্রথম ওই বাড়িতে ঢোকেন। সেখানে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। ওই পরিবারের সঙ্গে তার তর্ক হয়। পুলিশ যাওয়ার পর রিলে সেখান থেকে চলে যান। রবিবার সকালে তিনি আবার ওই বাড়িতে ফিরে যান। সেখানে তিনি ৪০ বছরের এক ব্যক্তি, ৩৩ বছরের এক নারী ও তার সন্তানকে গুলি করে হত্যা করেন। ওই বাড়ির পাশেই তিনি ওই নারীর ৬২ বছর বয়সী মাকে গুলি করে হত্যা করেন। এমনকি তিনি ওই পরিবারের পোষা কুকুরটিকেও গুলি করে হত্যা করেন।
