কোলন টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার অপসারণ করা হয়েছে। পুরো প্রক্রিয়ার জন্য গত সাত দিন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
পেলে সোমবার নিজের অস্ত্রোপচারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম পেজে তিনি লিখেছেন ‘বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই আমার খোঁজ নেওয়ার জন্য, আমাকে মেসেজ পাঠানোর জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি এখন ভালো বোধ করছি। ডঃ ফাবিও ও ডঃ মিগেলকে ধন্যবাদ জানাই আমাদের প্রতি খেয়াল রাখার জন্য। গত শনিবার মলাশয়ের ডানদিকে সন্দেহজনক টিউমার অপসারণের জন্য আমার অস্ত্রোপচার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার ধরা পড়েছিল।’ অস্ত্রোপচারের পর পেলেকে নিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছে সাও পাওলো হাসপাতাল। তারা লিখেছে, ‘আপাতত পেলেকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হলেও আজকালের মধ্যেই তাকে সাধারণ কেবিনে নিয়ে যাওয়া হবে। পেলের মলাশয়ের সেই টিউমার আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।’
