বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির নির্দেশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ জন্য সরকারকে একটি ‘শিক্ষা বিশেষজ্ঞ কমিটি’ গঠন করতে বলা হয়েছে।

এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল বুধবার এ রায় দিয়েছে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

রুল শুনানিতে আবেদনকারী আইনজীবী ড. বশির আহমেদ ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও মো. তাহিরুল ইসলাম।

রিটকারী আইনজীবী ড. বশির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রায়ে আদালত বলেন, একটি বিশেষজ্ঞ কমিটি ভাষণটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার কাজ করবে।’ এর আগে দেওয়া আদেশ অনুযায়ী, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলায় জেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে আগের আদেশ বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়। 

২০১৭ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদের করা রিট আবেদনে সাতই মার্চকে কেন ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। এ ছাড়া একাত্তরের সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে, যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, যে স্থানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিযোদ্ধাদের অস্ত্রসমর্পণ এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই স্থানে মঞ্চ পুনর্নির্মাণ কেন করা হবে না, জানতে চাওয়া হয়েছিল রুলে। সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণের সময় বঙ্গবন্ধুর ‘স্পিচ মোডের’ (তর্জনি উঁচিয়ে ভাষণের সময়কার ভঙ্গি) ভাস্কর্য নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়।

সেই রুলের শুনানিতে রিট আবেদনকারীর সম্পূরক আবেদনে গত বছর ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট সাতই মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দেয়। সেই সঙ্গে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে সাতই মার্চের ভাষণের গৌরবোজ্জ্বল ইতিহাস অন্তর্ভুক্তির নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দেয়। সে রুলটি নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত