ভারতফেরত যাত্রী

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের শর্ত প্রত্যাহার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৪ এএম

করোনার সংক্রমণ প্রতিরোধে ভারত থেকে ফেরা যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে করোনা নেগেটিভ সনদধারীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল বুধবার সকাল থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী। তিনি জানান, এখন থেকে ভারত ভ্রমণে যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র লাগবে না। উভয় দেশে যাতায়াতের ক্ষেত্রে শুধু ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারতফেরতদের ৭২ ঘণ্টার আরটিপিসিআর করোনা নেগেটিভ সনদ থাকলে তারা সরাসরি নিজ বাসাবাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন। তবে যেসব পাসপোর্টধারীর করোনা পজিটিভ অথবা উপসর্গ রয়েছে, তাদের অবশ্যই আইসোলেশনে থাকতে হবে বলে জানান ডা. ইউসুফ আলী।

শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, ‘ভারতফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টান প্রত্যাহার এবং হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।’

এদিকে চিকিৎসাসহ নানা কাজে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন লাগবে না বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফি শিকদার।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসে। আজ (গতকাল) সকাল থেকে নির্দেশনা কার্যকর করা হয়েছে। ভারত থেকে দেশে ফেরা দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিকে এতদিন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হতো। টিকা না নেওয়া থাকলে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হতো বলে জানান ডা. গাদ্দাফি শিকদার।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানান, কোয়ারেন্টাইন শর্ত শিথিল করা হলেও ভারত থেকে ফেরাদের ক্ষেত্রে দেশটির বাংলাদেশি হাইকমিশন থেকে প্রত্যয়নপত্র নেওয়া, সপ্তাহে তিন দিন এ বন্দর দিয়ে ফেরার শর্তগুলো বহাল রয়েছে। এ ছাড়া ভারত সিদ্ধান্ত না দেওয়ায় এখন পর্যন্ত এ পথ দিয়ে যাত্রী বহিগর্মন বন্ধ রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত