আবার মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৯ এএম

চার আর্জেন্টিনা খেলোয়াড়ের ব্রাজিলে করোনা বিধিভঙ্গ নিয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচ বাতিলের ঘটনার রেশ কাটতে না কাটতে আবার ম্যাচ খেলতে নামতে হচ্ছে দুই লাতিন পরাশক্তিকে। বাংলাদেশ সময় কাল ভোরে রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে অপেক্ষাকৃত দুর্বল বলিভিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। কিছুক্ষণ পর ব্রাজিলও দেশের মাটিতে খেলবে পেরুর সঙ্গে।

৫ সেপ্টেম্বর রাতে ম্যাচ বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই চার খেলোয়াড়ের ব্রাজিলত্যাগ এড়াতে দ্রুত দেশে ফেরেন মেসিরা। কিন্তু সঙ্গে নিয়ে আসেন করোনাকে। তাদের একজন দেশে ফিরে নিয়মিত পরীক্ষায় পজিটিভ ধরা পড়ার পর গতকাল সকালে দল-সংশ্লিষ্ট সবাইকে কভিড-১৯ পরীক্ষা করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি এএফএ।

বাছাইপর্বে বলিভিয়ার মাটিতে গিয়ে অক্টোবরে একটা ম্যাচ খেলেছিলেন মেসিরা। পিছিয়ে পড়লেও সে ম্যাচ লাউতারো মার্তিনেজ ও জোয়াকিন কোরিয়ার গোলে জেতে। এরপর কোপা আমেরিকায় বলিভিয়ানদের ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা।

অন্যদিকে ৭ খেলায় শতভাগ জয় নিয়ে এগোনো ব্রাজিল এর আগে কোপার সেমিফাইনালে পেরুকে হারিয়েছিল ১-০ গোলে। তার আগে পেরুতে গিয়ে বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে ৪-২ গোলে হারায় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত