মূল জাতীয় দলে খেলেননি। তবে দেশের প্রতিনিধিত্ব করেছেন বয়সভিত্তিক দলে খেলে। দীর্ঘদিন খেলেছেন ক্লাব পর্যায়ে। ভিক্টোরিয়া, ফকিরেরপুলের মতো দলে খেলার ফলে ছিলেন ঢাকার ফুটবলে পরিচিত মুখ মোহাম্মদ জিলকারনে আল-মামুন। জিল্লুর নামেই পরিচিত তিনি। কিন্তু জটিল কিডনি রোগ তার ক্যারিয়ার তো শেষ করে দিয়েছেই, এখন সর্বক্ষণ থাকছেন মৃত্যু শঙ্কায় কাতর। দুটি কিডনি বিকল হয়ে গেছে তার। এক দশকের বেশি সময় এই রোগের সঙ্গে লড়তে লড়তে সর্বস্ব খুইয়ে যখন আর কোনো আশা দেখছিলেন না, তখনই তার পাশে দাঁড়িয়েছেন তিন হৃদয়বান ক্রীড়াব্যক্তিত্ব। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, মোহামেডানের পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর এবং সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফারের সহায়তায় এখন বেঁচে থাকার নতুন আশা দেখছেন জিল্লুর।
আর্থিক সহায়তা পেয়ে জিল্লুর বলেন, ‘আমার দুঃসময়ে যারা পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি এই অর্থ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো হয়ে উঠতে পারব।’ মূলত গাফফারের উদ্যোগেই এই সহায়তা পেয়েছেন জিল্লুর। গতকাল তিনিই জিল্লুরের হাতে অনুদানের অর্থ তুলে দেন। ক্রীড়াঙ্গনে দুঃসময়ের বন্ধু হিসেবে পরিচিত গাফফার বলেন, ‘যখন জানলাম জিল্লুর অসুস্থ, তখন মানবিক দিক বিবেচনা করে মনে করলাম তার পাশে দাঁড়ানো উচিত। আমি ব্যক্তিগতভাবে পিন্টু ভাই ও আলমগীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। তারা ইতিবাচক সাড়া দেন। তবে আমার বন্ধু, বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীকে অনুরোধ করেও কোনো সাড়া পাইনি। এটা আমাকে খুব হতাশ করেছে।’
