সেমিতে দুই কানাডার দুজন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:০১ এএম

আমেরিকানশূন্য ইউএস ওপেনে কানাডার উত্থান ঘটেছে এবার। দুই বিভাগে চার সেমিফাইনালিস্টের দুজন কানাডার। নারী এককে নাওমি ওসাকা ও অ্যাঞ্জেলিক কেরবারকে বিদায় দেওয়া লেয়লা অ্যান ফার্নান্দেজ কোয়ার্টারে বিশ্বের পাঁচ নম্বর এলিনা সিতোলিনাকে হারিয়ে শেষ চারে উঠেছেন। অন্যদিকে সিতসিপাসকে হারিয়ে চমক দেখানো কার্লোস আলকারেজের বিপক্ষে ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উঠেছেন টোগো বংশোদ্ভূত ফেলিক্স আলজাসিম। দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার ১৮তম জন্মদিন উদযাপন করা লেয়লা কোয়ার্টারে ৬-৩, ৩-৬, ৭-৬ (৫) গেমে সিতোলিনাকে হারিয়ে মারিয়া শারাপোভার পর সর্বকনিষ্ঠ ইউএস ওপেন সেমিফাইনালিস্ট হয়েছেন। ২০০৫ সালে ১৮ বছর বয়সে সেমিফাইনালে উঠেছিলেন মারিয়া শারাপোভা। ম্যাচ জয়ের পর লেয়লা বলেন, ‘আমি নিজের ওপর এবং খেলার ওপর বিশ্বাস রেখেছি। প্রতিটা পয়েন্ট জেতা বা হারার পর নিজেকে বলেছি, তোমার খেলার ওপর আস্থা হারিও না। শর্ট খেলো আর দেখো বল কোথায় যায়। ম্যাচ জেতার পর আমি আরও প্রতিজ্ঞাবদ্ধ। পরের ম্যাচগুলোতে ছন্দ ধরে রাখতে চাই।’ ফাইনালে উঠতে লেয়লাকে অতিক্রম করতে হবে দুই নম্বর খেলোয়াড় আরিয়ানা সাবালেনকাকে। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ক্রাইচিকোভাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। উইম্বলডনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড সø্যাম কোয়ার্টারে পৌঁছেছিলেন আলজসিম। ইউএস ওপেনে আরও একধাপ এগিয়ে উঠে গেলেন সেমিতে। কোয়ার্টারে অবশ্য ওয়াকওভার পেয়েছেন আলকারেজের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত