জার্মানির দাপুটে জয়, জয় অব্যাহত বেলজিয়ামের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৮ এএম

বিশ্বকাপ বাছাইপর্বে বড় দাপুটে জয় পেয়েছে জার্মানি। আইসল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গোল পেয়েছেন চেলসির দুই তারকা আন্ততিও রুদিগার ও টিমো ভেরনার। জার্মানির বাকি গোল দুটি করেছেন দুই বায়ার্ন মিউনিখ তারকা সের্গে নাব্রি ও লেরয় সানে।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় জার্মানি। চতুর্থ মিনিটে দলকে এগিয়ে দেন নাব্রি। এরপর আইসল্যান্ডের জাল খুঁজে নেন ডিফেন্ডার রুদিগার।

ম্যাচের শেষ মুহূর্তে চেলসির আরেক জার্মান তারকা কাই হাভার্ৎজের পাস থেকে হেডে গোল করেন ভেরনার। জাতীয় দলের হয়ে এটি তার ১৯তম গোল। আন্তর্জাতিক বিরতিতে জার্মানির জার্সিতে টানা তিন ম্যাচে গোল করলেন ভেরনার। তার আগে জার্মানদের তৃতীয় গোলটি করেন সানে।

বাছাইপর্বের ‘জে’ গ্রুপে শীর্ষে আছে হানসি ফ্লিকের দল। দ্বিতীয় স্থানে থাকা আর্মেনিয়ার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। একইদিনে আর্মেনিয়ানরা ড্র করেছে লিখটেনস্টেইনের বিপক্ষে।

অন্যদিকে, অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রেখেছে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম। বেলারুশকে তারা হারিয়েছে ১-০ গোলে। প্রথমার্ধে বেলজিয়ামের একমাত্র গোলটি করেন লেস্টার সিটি থেকে চলতি মৌসুমে ধারে দীর্ঘদিনের জন্য সিরি’আর দল নাপোলিতে যোগ দেওয়া মিডফিল্ডার ডেনিস প্রায়েত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত