গ্রামবাসীকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা শেখ মহসিনের বিরুদ্ধে এক ব্যক্তিকে হত্যা করে ইউনিয়নের ২৭ জনকে মামলার আসামি করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সুলতানপুর ইউনিয়নের চার গ্রামের বিশিষ্টজনেরা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন বেশ কয়েকবার নির্বাচিত শিলাউর গ্রামের ইউপি সদস্য আবুল খায়ের।

তিনি বলেন, গত ২৬ মে হাবলাউচ্চ গ্রামের বাসিন্দা শেখ মহসিনের বাড়ির আশ্রিত স্বপন মিয়া স্থানীয় বারো আউলিয়া বিলে মাছ ধরতে গিয়ে খুন হন। পরদিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ৮ জুন নিহতের স্ত্রী রোকেয়া বেগম সুলতানপুর ইউনিয়নের ৪ গ্রামের ২৭ জনকে সন্দেহভাজন আসামি উল্লেখ করে হত্যা মামলা করেন। মূলত বিগত নির্বাচনে হাবলা উচ্চ গ্রামের বাসিন্দা শেখ মহসিন মিয়ার পক্ষ না নেয়ায় নিরীহ গ্রামবাসীকে হয়রানি করতে ষড়যন্ত্র মূলকভাবে এ মামলাটি করানো হয়।

তিনি আরও বলেন, মামলাটি সিআইডির কাছে হস্তান্তরর করা হলে সিআইডি সফিকুল ইসলাম হৃদয় নামে একজনকে গ্রেপ্তার করে। গত ২০ আগস্ট হৃদয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া জবানবন্দিতে হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়। সেখানে হৃদয় জানায়, শেখ মহসিন তার ভাই ও অনুসারীদের সঙ্গে গোপন ষড়যন্ত্র করে স্বপন মিয়াকে হত্যা করেন।

সংবাদ সম্মেলনে বিরামপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি জসীম উদ্দিন ভূঞা বলেন, বিগত নির্বাচনে তার পক্ষ না নেয়ায় এবং আগামী নির্বাচনে আমাদের এলাকা ছাড়া করতেই স্বপন মিয়াকে হত্যা করে শেখ মহসিন আমি ও আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে হত্যা মামলার আসামি করেন।

সুলতানপুর ইউপির সাবেক ইউপি সদস্য ও হাবলাউচ্চ গ্রামের বাসিন্দা জসীম উদ্দিন বলেন, আমি আওয়ামী লীগের লোক। বিগত নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন করায় বিদ্রোহী প্রার্থী শেখ মহসিন আমার ওপর ক্ষিপ্ত হন। স্বপন মিয়ার খুনের পর শেখ মহসিন ও তার দলের লোকেরা গত ২৯ আগস্ট সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলামের বাড়ি ও দুলাল মিয়ার বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাট চালায় এবং ৩ সেপ্টেম্বর আমার বাড়িতে হামলা ও ভাঙচুর, লুটপাট চালিয়েছে। মহসিনের অত্যাচারে আমি গৃহবন্দী হয়ে আছি।

তবে শেখ মো.মহসিন বলেন, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবেই সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। আগামী নির্বাচন থেকে আমাকে সরিয়ে রাখার উদ্দেশ্যে সফিকুল ইসলাম হৃদয়কে দিয়ে রাজসাক্ষীর মতো করে স্বীকারোক্তিমূলক জবানবন্দির নাটক সাজানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত