স্টোকসকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৬ পিএম

শেষ পর্যন্ত বেন স্টোকসকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসরের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে দলে নেই ইংলিশদের ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক স্টোকস।

মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে রয়েছেন স্টোকস। এরপরও বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় ইসিবি। শেষ পর্যন্ত অবশ্য স্টোকসকে ছাড়াই দল ঘোষণা করল সংস্থাটি।

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে চমক টাইমাল মিলস। দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।

শেষবার তিনি ইংল্যান্ডের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। সব মিলিয়ে ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন তিনি। তবে এ বছর টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে দুরন্ত ফর্মে ছিলেন তারকা পেসার।

দুই কিপার জস বাটলার ও জনি বেয়ারস্টো একই সঙ্গে দলে রয়েছেন। তবে ইসিবি জানিয়েছে, উইকেটকিপিং করবেন বাটলার।

দুই অভিজ্ঞ স্পিনার মইন আলি ও আদিল রশিদ দুজনেই জায়গা পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। স্ট্যান্ড-বাই হিসেবে যাচ্ছেন- টম কারেন, লিয়াম ডসন ও জেমস ভিনস।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

ওয়েন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: টম কারেন, লিয়াম ডসন, জেমস ভিন্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত