মানে ভালো, দামে কম কিয়ারা!

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫ পিএম

অভিনয় ক্যারিয়ারের শুরুতে তামিল সিনেমায় কাজ করা কিয়ারা আদভানি বলিউডে প্রতিষ্ঠিত হয়েও শেকড় ভোলেননি। তাই তো এতগুলো বলিউড সিনেমা হাতে থাকার পরও নতুন তামিল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। দক্ষিণ ভারতের বিখ্যাত নির্মাতা শংকর পরিচালিত এ সিনেমার নাম ‘এসভিসি ৫০’। এতে তার নায়ক তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার রামচরণ তেজা। গত বৃহস্পতিবার সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠিত হয় হায়দরাবাদে। এ সময় স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বলিউড হার্টথ্রব রণবীর সিং, বাহুবলী সিনেমার নির্মাতা রাজামৌলী ও রামচরণের বাবা তামিল মেগাস্টার চিরঞ্জীবী। এদিন রামচরণ আর কিয়ারাকে সাদা শার্ট ও কালো স্যুট-টাইয়ে দারুণ দেখাচ্ছিল। বলিউড ক্যারিয়ারেও সুবাতাস বইছে কিয়ারার। তিন নারী সুপারস্টার কারিনা কাপুর খান, দীপিকা পাড়–কোন ও শ্রদ্ধা কাপুর গেল কয়েক মাসে বাড়তি পারিশ্রমিক দাবি করে সিনেমা থেকে বাদ পড়েছেন। তালিকায় সর্বশেষ নাম শ্রদ্ধা। কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যনারায়ণ কি কথা’য় অভিনয় করার কথা ছিল এ নায়িকার। কিন্তু ১০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সাজিদ আগেও শ্রদ্ধার সঙ্গে কাজ করেছেন। তার প্রযোজনায় ‘বাগি ৩’-এ ৪ কোটি পেয়েছিলেন অভিনেত্রী। মাত্র এক বছরের ব্যবধানে পারিশ্রমিক আড়াইগুণ বৃদ্ধি করায় শ্রদ্ধার ওপর ভীষণ খেপেছেন সাজিদ। শ্রদ্ধার বদলে এখন মুভিটিতে কার্তিকের সঙ্গে অভিনয় করবেন কিয়ারা আদভানি। শুধু সাজিদই নন, কিয়ারা এখন অনেক প্রযোজকেরই প্রথম পছন্দ। বলিউডে চাউর, পারিশ্রমিক জটিলতায় বড় তারকাদের বাদ দিয়ে অনেক প্রযোজকই কিয়ারাকে নিয়ে কাজ করতে আগ্রহী। কারিনা, দীপিকা, কঙ্গনা থেকে আলিয়া বেশিরভাগ বড় তারকার পারিশ্রমিক যেখানে ১০ কোটির ওপরে, সেখানে কিয়ারা নেন মাত্র সাড়ে ৩ কোটি। উপরন্তু দর্শকের কাছে কিয়ারার গ্রহণযোগ্যতাও ভালো। তার সর্বশেষ সিনেমা ‘শেরশাহ’ও প্রশংসিত হয়েছে। কথিত প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার রসায়ন এখন বলিউডে চর্চিত। ‘শেরশাহ’র সাফল্যের পর নিজের পারিশ্রমিক ৫০ লাখ বাড়িয়ে ৪ কোটি করেছেন কিয়ারা। এসব কারণে কিয়ারার হাতে এখন প্রায় এক ডজনেরও বেশি সিনেমার প্রস্তাব। সাজিদের প্রযোজনা সংস্থার এক কর্মী বলেন, ‘মহামারীর সময়ে সবাই যতটা সম্ভব কম বাজেটে সিনেমা করতে চায়। তারকাদের পারিশ্রমিক দিতেই যদি বাজেটের অর্ধেক চলে যায় তাহলে কাজ হবে কীভাবে?’ তবে নায়িকাদের বেশি পারিশ্রমিক না দিতে চাইলেও নায়কদের ঠিকই আকাশসমান পারিশ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন প্রযোজকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত