দীর্ঘ আড়াই বছর পর আন্তর্জাতিক মঞ্চে ফেরাটা স্মরণীয় করে রাখতে পারলেন না সাবিনা খাতুনরা। গতকাল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের নারী দল ১-২ গোলে হেরে গেছে স্বাগতিক নেপালের কাছে। প্রথমার্ধেই দু’গোল করে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে ২০১৯ নারী সাফে বাংলাদেশকে ৩-০ গোলে হারানো নেপাল। শেষ দিকে দারুণ এক গোলে হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন তহুরা খাতুন। লিগে প্রতিপক্ষের জালে গোল উৎসব করা সাবিনা খাতুন, কৃষ্ণা রানীরা খুঁজে পাননি নেপালের গোলের দরজা। আসলে সেভাবে সুযোগই তারা তৈরি করতে পারেননি শক্তিতে এগিয়ে থাকা নেপালের বিপক্ষে। ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের পায়েই ছিল বেশিরভাগ সময়। বাংলাদেশকে খেলতে হয়েছে রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকনির্ভর ফুটবল। পুরো ম্যাচে নিভে থাকা স্বপ্নাকে ৮৩ মিনিটে তুলে নিয়ে মাঠে নামানো হয় তহুরাকে। মাঠে নেমে প্রথম বল পেয়েই অসাধারণ গোল করেন এই স্ট্রাইকার। আর এতেই ব্যবধান দাঁড়ায় ২-১।
×
