ভারত-বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু : স্পিকার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০২:০১ এএম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ভারত-বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও ভারতের জনগণ বাংলাদেশকে যে সহযোগিতা ও সমর্থন দিয়েছিল তা সত্যি হৃদয়স্পর্শী। মুক্তিযুদ্ধকালীন সহযোগিতার কারণে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বরাবরই ব্যতিক্রম। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন, যা স্মরণীয় হয়ে থাকবে।’

গতকাল বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ভেন্যুতে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আন্তঃদেশীয় সম্পর্কোন্নয়ন, দুই দেশের সংসদীয় কূটনীতি, বিরাজমান কভিড-১৯ পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, লোকসভা টিভি ও সংসদ টিভির সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

লোকসভার স্পিকার ওম বিরলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে। নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশে নারীর অর্থনৈতিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ সময় ভবিষ্যতে যেকোনো বিষয়ে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন লোকসভার স্পিকার।

ভারতের সরকারি হিসাব কমিটির ১০০তম বর্ষপূর্তি উপলক্ষে ওম বিরলা বাংলাদেশের স্পিকার শিরীন শারমিনকে আমন্ত্রণ জানালে তিনি তাকে ধন্যবাদ জানান। একই দিনে বাংলাদেশে আন্তর্জাতিক পিস কনফারেন্স থাকায় অংশগ্রহণ করা সম্ভব না হলে ভবিষ্যতে সুবিধাজনক সময়ে ভারত সফরের আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত