হাসেম ফুডে অগ্নিকাণ্ড

খুলিসহ আরও একটি কঙ্কাল ও হাড় উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০২:০৫ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই মাস পর তল্লাশি চালিয়ে আরও একজনের মাথার খুলিসহ পুরো কঙ্কাল ও হাড়ের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুড়ে যাওয়া ওই ভবনের চারতলায় সিআইডির নেতৃত্বে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের সহায়তায় সেখানে তল্লাশি অভিযান চালানো হয়।

এর আগে গত মঙ্গলবার অভিযান চালিয়ে ওই ভবনের চারতলা থেকে দুটি মাথার খুলি ও হাড়ের অংশ এবং নারীর মাথার চুল উদ্ধার করেছিলেন সিআইডি সদস্যরা।
সিআইডির নারায়ণগঞ্জ কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সুপার হারুন উর রশীদ বলেন, গতকাল সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ওই কারখানায় তল্লাশি চালানো হয়। পরে বিকেলের দিকে কারখানার চারতলার দক্ষিণ পাশ থেকে একজনের মাথার খুলি, দেহের হাড় (কঙ্কাল) উদ্ধার করা হয়। এগুলো অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের। দেহাবশেষটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে পরে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
সিআইডি কর্মকর্তা হারুন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে লাবুনি, সাজ্জাত ও মহিউদ্দিন নামে আরও তিন শ্রমিক নিখোঁজের আবেদন পেয়ে নতুন করে তল্লাশি অভিযান শুরু করা হয়। অভিযানে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’
গত ৮ জুলাই হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে আগুনে পুড়ে ৪৮ জন ও লাফিয়ে পড়ে ৩ জন মারা যান। ডিএনএ পরীক্ষা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত