আফগানিস্তানে ২৬৪ কোটি টাকা সহায়তা দেবে চীন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০২:২৬ এএম

আফগানিস্তানের সদ্য ঘোষিত সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এমন প্রেক্ষাপটে দেশটিতে ৩ কোটি ১০ লাখ ডলার (প্রায় ২৬৪ কোটি ১৮ লাখ টাকা) সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পেইচিং। এ সহায়তার আওতায় আফগানিস্তানকে খাদ্যসামগ্রী ও করোনার টিকা দেওয়া হবে বলে খবর দিয়েছে বিবিসি।

তালেবানের হাতে কাবুলের পতনের আগে থেকে সংগঠনটির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে চীন। সে সময় থেকেই তালেবানকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়ে আসছে দেশটি। চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আখ্যায়িত করে আফগানিস্তানের পুনর্গঠনে দেশটিকে পাশে চেয়েছে তালেবান। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ঘোষিত আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে পেইচিং।

গত বুধবার আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানেই তিনি আফগানিস্তানকে এ সহায়তার ঘোষণা দেন। আফগানিস্তানকে ৩০ লাখ ডোজ করোনা টিকা দেওয়ার কথাও জানান ওয়াং ই। একই সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দেশগুলোকে আফগানিস্তানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কড়া সমালোচনা করে চীন বলেছে, যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে। চীনের এক কর্মকর্তা বলেন, ‘আমেরিকা আক্রমণের প্রথম দিন থেকে সেনা প্রত্যাহারের শেষ মুহূর্ত পর্যন্ত আফগান জনগণের মারাত্মক ক্ষতি করে গেছে।’

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘গত ২০ বছরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যা করেছে তা থেকেই প্রমাণিত, অযাচিত সামরিক আগ্রাসন ও নিজের দৃষ্টিভঙ্গি অন্যের ওপর চাপিয়ে দেওয়ার পরিণতি কী হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত