অনেকের কাছে ক্রিস ইভান্সের প্রাথমিক পরিচয় স্টিভ রজার্স বা ক্যাপ্টেন আমেরিকা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) এক দশক অভিনয়ের সুবাদে তার এমন ইমেজ। কিন্তু ‘ফার্স্ট অ্যাভেঞ্জার’ সিনেমায় ক্যাপ্টেন আমেরিকা রূপে দেখা দেওয়ার আগেও সুপারহিরোর পোশাক পরেছিলেন তিনি।
ইভান্সকে ফ্যান্টাস্টিক ফোর সিনেমার দুটি কিস্তিতে জনি স্টর্ম বা হিউম্যান টর্চ চরিত্রে দেখা যায়। তাও শূন্য দশকের মাঝামাঝির ঘটনা।
শোনা যাচ্ছে, ফ্যান্টাস্টিক ফোর রিবুটকে এমসিইউতে যুক্ত করার পরিকল্পনা করেছে মার্ভেল ও ডিজনি। সেখানেই ইভান্সকে চাওয়া হচ্ছে।
না, হিউম্যান টর্চ নয়, ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ভাবা হচ্ছে অভিনেতাকে। যদিও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিতে তিনি সুপারহিরো হিসেবে অবসর নিয়েছে।
হলিউডের পত্রিকাগুলো বলছে, ক্রিস ইভান্স ক্যামিও রোলে মুখ দেখানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখনো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি হয়নি।
চার সুপারহিরোকে নিয়ে নির্মিত ‘ফ্যান্টাস্টিক ফোর’ ততটা সফল নয়, অন্তত ইভান্স পরবর্তী ২০১৫ সালের মুভিটি ততটা ব্যবসা করেনি। এ কারণে সিক্যুয়ালের পরিকল্পনা বাতিল হয়। সম্প্রতি টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের সম্পত্তি ডিজনি কিনে নেওয়ার পর এমসিইউ-এর সঙ্গে সিরিজটিকে যুক্ত করার কথা ভাবা হচ্ছে।
