কলকাতায় নিজের প্রথম সিনেমা ‘মায়া’র শুটিং বেশ আগেই শেষ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। শিগগিরই ফ্লোরে যাবে ‘আ রিভার ইন হ্যাভেন’।
শুক্রবার জানা গেল, আরও একটি ছবিতে যুক্ত হচ্ছেন ঢাকার মডেল-অভিনেত্রী।
অরুণাভ খাসনবিশ পরিচালিত ছবিটির নাম ‘নীতিশাস্ত্র’। এতে মিথিলা অভিনয় করছেন একজন চিকিৎসকের ভূমিকায়।
‘নীতিশাস্ত্র’ অবশ্য একক ছবি নয়। চারটি ছোট ছবির সংকলন।
অরুণাভ খাসনবিশ ১৩ বছর ধরে কলকাতার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ‘নীতিশাস্ত্র’-এ মিথিলা ছাড়াও অভিনয় করছেন ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ও বাসবদত্তা চট্টোপাধ্যায়।
পরিচালকের কথায়, ‘‘ছোটবেলা থেকেই নীতিবোধের পাঠ দেওয়া হয়। তবে ঠিক-ভুলের ধারণা আপেক্ষিক। সেই ধারণা নিয়ে চারটি গল্পে দুটি করে চরিত্রের মধ্যে দ্বন্দ্ব চলে।’’
ছবির চিত্রনাট্য লিখেছেন অরুণাভ নিজেই।
এ ছবি নিয়ে মিথিলা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এপার বাংলার সবার কাজের সঙ্গে এখনো ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ বেছে নিচ্ছি।’’
মিথিলাকে দেখা যাবে ‘ধী’ গল্পে, সঙ্গে রয়েছেন বাসবদত্তা।
ছবির অন্য গল্পগুলো হলো বাৎসল্য, অস্তিত্ব ও মোক্ষ।
