এবার পাল্টা প্রতিরোধ গড়ে তুলব: রফিকুল আলম মজনু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৮:২১ পিএম

সরকার নির্যাতন-নিপীড়ন চালিয়ে বিএনপিকে স্তব্ধ করতে চায় উল্লেখ করে দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু বলেছেন, কিন্তু বিএনপির নেতা-কর্মীরা আর মার খাব না, এবার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে পাল্টা প্রতিরোধ গড়ে তুলব।

শুক্রবার রাজধানীর সবুজবাগ, মুগদা ও খিলগাঁও এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত নেতা-কর্মীদের পরিবারকে খাবার ও আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

গত ১৭ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ও গ্রেপ্তারকৃত শ্রমিক দলের সাতটি পরিবারের মাঝে তিনি এই সহায়তা দেন। একই সঙ্গে এ আসনে বিএনপির এমপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও নির্যাতিত নেতা-কর্মীদের পরিবারের মাঝে সহায়তা দেন।

রফিকুল আলম মজনু বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় কর্মীদের পাশে আছি, থাকব।’

মজনু বলেন, ‘দেশে কারও কোনো নিরাপত্তা নেই। মানবাধিকার নেই। বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা নেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে গণতান্ত্রিক আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত