সাদা পোশাকের যত্ন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০১:০৫ এএম

 কাদা-বৃষ্টির এ সময়টায় অনেকেই সাদা পোশাক পরতে ভয় পান। দাগ লাগা, তিল পড়া ও ছত্রাক পড়ার আশঙ্কা থাকে। কীভাবে সাদা পোশাকের যত্ন নেবেন জানালেন নাহার সুলতানা

 ভুলেও সাদা পোশাক অন্য রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে ধোবেন না। উজ্জ্বল রঙের পোশাক থেকে রং ওঠে সাদা কাপড়ে লেগে যেতে পারে। তা ছাড়া অন্য রঙের পোশাকের সঙ্গে সাদা কাপড় ভিজিয়ে রাখলে অথবা ধুলে সাদা কাপড়ের উজ্জ্বলতাও কমে যায়।

 সাদা কাপড়ে দাগ লাগলে ধোয়ার আগেই সেই দাগ ভালো করে তুলে নিন। কাপড়ের যেখানটায় দাগ লেগেছে সেখানটায় বেশি করে ডিটারজেন্ট পাউডার লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর একটা টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে নিন দাগ। দাগ ওঠানোর জন্য পুরো কাপড়টাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এর কোয়ালিটি নষ্ট হয়ে কাপড়ও নরম হয়ে যায়।

 সাদা কাপড় সব সময় সহনীয় তাপমাত্রার গরম পানিতে ধুতে হবে। গরম পানি কাপড় থেকে ময়লাকে আলগা করে ফেলে এবং সহজেই কাপড় পরিষ্কার হয়ে যায়। তাই গরম পানি দিয়ে সাদা কাপড় ধুয়ে নিলে আপনার প্রিয় সাদা জামাটা হয়ে উঠবে আরও উজ্জ্বল ও পরিষ্কার। যেহেতু সাদা পোশাকের রং ফেড হওয়ার ভয় থাকে না, তাই এতে নির্দ্বিধায় গরম পানি ব্যবহার করা যায়। তবে সে ক্ষেত্রে অবশ্যই পানি সহনীয় তাপমাত্রার হতে হবে।

 সাদা পোশাক আরও সাদা করতে লেবুর রস মেশাতে পারেন। গুঁড়ো সাবানের সঙ্গে আধা কাপ লেবুর রস মিশিয়ে নিন। এরপর সেই পানিতে কাপড় ভিজিয়ে রাখুন। ধোয়ার পর কড়া রোদেই শুকোতে দিন। কড়া রোদে শুকোলে সাদা কাপড়ের হলদে ভাব দূর হয়ে যায়।

 সাদা পোশাকে নীল ব্যবহারের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। তরল বা গুঁড়ো, যে ধরনের নীলই ব্যবহার করুন না কেন, খেয়াল রাখুন তা ভালোভাবে পানিতে মিশেছে কি না। না হলে সাদা কাপড়ে নীলের ছোপ-ছোপ দাগ লেগে যাবে। এ ছাড়া সাদা কাপড় ইস্ত্রি করার সময় ওপরে একটা পাতলা পরিষ্কার কাপড় রেখে নেওয়া ভালো। কারণ সরাসরি তীব্র তাপ প্রয়োগ করে ইস্ত্রি করার ফলে সাদা কাপড়ে হলদেটে ভাব দেখা দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত