সিরিজ জিতে খুশি অধিনায়ক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫ এএম

শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তা না পেলেও বাংলাদেশ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছেন ৩-২-এ। গতকাল শুক্রবার ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আজকেও (শুক্রবার) জিততে চেয়েছিলাম আমরা। কিন্তু নিউজিল্যান্ড সত্যিই ভালো ব্যাটিং করেছে। আমরা রান তাড়ায় ভালো করিনি, তবে সিরিজ জিততে পেরে খুশি। আমি মনে করি, বোলাররা ভালোই করেছে। তবে শেষটা ভালো হয়নি। স্পিনাররা দারুণ বোলিং করেছে। শরিফুল শুরুতে দুই উইকেট নিয়ে আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’ রিয়াদ আরও বলেন, ‘রান তাড়ার বিষয়টি হলো আমরা শুরুটা ভালো করতে পারিনি। আফিফ এবং আমি জুটি গড়ার চেষ্টা করেছি কিন্তু তাদের বোলাররা সত্যিই ভালো বোলিং করেছে।’

‘তামিম-মাহমুদউল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই’

বিশ্বকাপের আগে আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে না বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা ৩-২-এ। এরপর মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে টি-টোয়েন্টি প্রস্তুতি দলের মধ্যে ইগো সমস্যা ইত্যাদি নিয়ে কথা বলেছেন তিনি।

তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না। তবু বিশ্বকাপের আগে সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন মাহমুদউল্লাহর সঙ্গে তামিমের কোনো সমস্যা আছে কিনা? উত্তরে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে বায়ো-বাবল, এর জন্য এখন টিমের কাছাকাছি যাওয়া যায় না। তবুও আমি যতটুকু জেনেছি কোনো সমস্যা নেই। আমি যতটুকু দেখেছি কোনো সমস্যা দেখিনি। জালাল ভাই আগের সফরে দলের সঙ্গে গিয়েছিলেন, আমি তাকে জিজ্ঞাস করেছি। ববি ভাই গিয়েছেন, তাকে জিজ্ঞাস করেছি। তারা কেউ কোনো সমস্যা খুঁজে পাননি। তাই আমি বলব, এই জিনিসটা নিয়ে মন্তব্য করার কোনো কারণই আমি দেখছি না।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘তামিমকে তার নিজের সিদ্ধান্ত ভেবে দেখতে কিংবা রিভিউ করতে বলা হয়নি। এমন কোনো ঘটনাই হয়নি। এটা ভুল তথ্য। এমনটা হওয়ার কথাও নয়। কারণ তামিম এই সিদ্ধান্ত আমার সঙ্গে কথা বলে, আলোচনা করে নিয়েছে। যেখানে এই সিদ্ধান্ত আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি।’ বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা তা ঠিকঠাক করতে পারিনি। দেড়টা বছর আসলে আমাদের যা যা প্ল্যান মাথায় ছিল অরিজিনালি সেটা আমরা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। সুতরাং এটা একটা সমস্যা ছিল আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। এগুলো নিয়ে একটু সমস্যা ছিল। প্রথম এক বছর তো গেছে করোনা মহামারীতে, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলব না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি আমি মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি। সাকিব আমাকে বলেছে আমাদের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে তার মানে দলের ওপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত