করোনা পরিস্থিতিতে দীর্ঘবিরতির পর ঢাকার গ্যালারি কায়া’য় শুরু হয়েছে চিত্র প্রদর্শনী। গতকাল শুক্রবার উত্তরায় অবস্থিত এই গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী সোহাগ পারভেজের চিত্রকর্ম নিয়ে ‘মাই কান্ট্রি’ শিরোনামে ১৫ দিনব্যাপী প্রদর্শনী। শিল্পী তার চিত্রকর্মে দেশকে তুলে ধরেছেন। মিশ্র, জলরং, চারকোল, অ্যাক্রিলিক নানা মাধ্যমে বয়ান করেছেন আবহমান বাংলার সৌন্দর্য ও স্বকীয়তা। দেশপ্রেমে উদ্দীপ্ত এসব শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর মাধ্যমে দীর্ঘবিরতি শেষে ফের শিল্পাঙ্গনে পথচলা শুরু করল গ্যালারি কায়া।
গতকাল সন্ধ্যায় প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব-উর-রহমান ও কার্টুনিস্ট শাহরিয়ার খান। সব শ্রেণির দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি। ২৪ সেপ্টেম্বর শেষ হবে ১৫ দিনের এই প্রদর্শনী।
প্রদর্শনী ঘুরে দেখা যায়, জলরংয়ের মাধ্যমে পাহাড়ি জেলা বান্দরবানের শরৎ ঋতুকে তুলির আঁচড়ে শিল্পের রূপ দেওয়ার পাশাপাশি অ্যাক্রিলিকে কালবৈশাখীর প্রতিকূল পরিস্থিতি ও ধ্বংসলীলাও তুলে ধরেছেন শিল্পী। এ ছাড়া রং-তুলিতে বাংলাদেশের প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যকেও তুলে এনেছেন মিশ্র ও অ্যাক্রিলিক মাধ্যমে।
শিল্পী সোহাগ পারভেজ জানিয়েছেন, ক্যানভাসে রং আর তুলির ছোঁয়ায় ৪২টি ছবির মাধ্যমে দেশের প্রতি নিজের প্রেমেরও বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি।
