সাভারের আশুলিয়ায় কার্ভাড ভ্যানের ধাক্কায় সাহিদুল ইসলাম রাকিব (২৩) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের বটতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সাহিদুল ইসলাম রাকিব ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কলমি গ্রামের লিটন হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার পবনারটেক ক্লাব এলাকায় ভাড়া বাসায় থেকে গাজীপুরের টঙ্গী এলাকায় একটি কলেজের তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন। এ ছাড়া পড়াশোনার পাশাপাশি জয়নাল আবেদীন অ্যান্ড সন্স নামে একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যানযোগে নরসিংহপুরের দিকে যাচ্ছিলেন সাহিদুল ইসলাম রাকিব ও শহিদুল ইসলাম। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাহিদুল ইসলাম রাকিব মারা যান এবং গুরুতর আহত হন শহিদুল ইসলাম। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার এসআই কাইসার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে কাভার্ড ভ্যানটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত : খুলনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হাজরা (২৮) ও শুভ কর্মকার (৩৩) নামে দুই যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাসা নগরীর সিমেট্রি রোডের মুড়িপট্টি এলাকায়। সৌরভ মুড়িপট্টির গৌতম হাজরার ছেলে ও শুভ চট্টগ্রামের নান্টু কর্মকারের ছেলে। শুভ নগরীর একটি জুয়েলার্সের কর্মচারী ছিলেন। সৌরভ হাজরা ও শুভ কর্মকার পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার এম এ বারী সড়কের আলীর ক্লাব সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক বলেন, সৌরভ ও শুভ নগরীর গল্লামারী থেকে এম এ বারী সড়ক দিয়ে সোনাডাঙ্গার দিকে আসছিলেন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় আলীর ক্লাব সংলগ্ন রাস্তার মাঝের স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় টহল পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
স্কুলছাত্রকে চাপা দিয়ে মারা গাড়ির চালক গ্রেপ্তার : রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরে এক স্কুলছাত্রকে গাড়ির ধাক্কায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে প্রাইভেট কারচালক মো. শাকিলকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গাড়িচাপায় নিহত আবুল কালাম আজাদ শান্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ইসিবি চত্বর এলাকায় এক চালক তার গাড়ি বেপরোয়া গতিতে চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাইভেট কারটি থামানোর চেষ্টা করে। এতে চালক আরও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে গাড়িটি শান্তকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর জখম হয় শান্ত। ঘটনাস্থলে থাকা লোকজন শান্তকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শান্তকে মৃত ঘোষণা করেন। পরে লোকজন প্রাইভেট কারটি আটক করে। চালকসহ অপর আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বলেন, ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা থেকে চালক শাকিলকে গ্রেপ্তার করা হয়। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
