ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে নিজস্ব ঢঙে আজ করছেন পুলক অধিকারী। উঁচু স্কেলের রাগাশ্রয়ী গানের জন্য শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি হয়েছে তার। চলচ্চিত্র ও অডিওতে বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ‘মাওলা’, ‘আলগা করো গো খোঁপার বাঁধন’, ‘পিয়ারি’, ‘রব জানে’, ‘দয়াল’ শিরোনামের গানগুলো পুলকের গায়কীতে জনপ্রিয় হয়েছে। সম্প্রতি হাবিব মোস্তফার কথা ও সুরে তিনি গাইলেন একটি সুফি ফোক গান। ‘ভালবেসে জনম জনম হয় যেন মোর গত, ও বিধি তুই দুঃখ আমায় দিবি আর কত?’ এমন কথার গানটির সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। পুলক বলেন, ‘হাবিব মোস্তফার কথায় এবারই প্রথম গাইলাম। তিনি শব্দ চয়ন ও সুরের গাঁথুনিতে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন। আমি সবটুকু দরদ দিয়ে গেয়েছি। আশা করি শ্রোতারা গানটি গ্রহণ করবে।’ হাবিব মোস্তফা বলেন, ‘আমি পুলকের গানের একনিষ্ঠ ভক্ত। অনেক সময় নিয়ে ‘বিধি’ গানটি লিখেছি। সুরের ক্ষেত্রেও খুব সাবধানী ছিলাম। গায়কীতে তিনি শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটিয়েছেন।’ গত ১০ সেপ্টেম্বর জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে।
×
