গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথভাবে গ্রামীণ গবাদিপশু চাষিদের জন্য ক্ষুদ্র-বীমা সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক। গত ৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের দূতাবাসের সহায়তায় সুইসকন্ট্যাক্ট পরিচালিত মাইক্রোইন্স্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (বিএমএমডিপি/সুরক্ষা) আওতায় যৌথভাবে এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ব্র্যাক ব্যাংক পশুপালন খাতের কৃষকদের চাহিদা অনুযায়ী কমপক্ষে ১৫ কোটি টাকার (১.৮ মিলিয়ন সুইস ফ্রাংক) ঋণ সুবিধা প্রদান করবে এবং গ্রিন ডেল্টা তাদের ক্ষুদ্র-বীমা সেবা প্রদান করবে। বীমাকৃত গবাদি পশুর মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এই ক্ষুদ্র-বীমা সেবা প্রাণিসম্পদ এবং বকেয়া ঋণের উভয়ের জন্যই কার্যকর হবে। এই প্রকল্পে ৬০০ কৃষকের প্রায় ১ হাজার ৬০০টি গবাদি পশুর জন্য ১৮ লাখ সুইস ফ্রাঙ্কের সমপরিমাণ অর্থায়ন করা হবে। এর বাইরেও প্রকল্পটির মাধ্যমে গবাদি পশুর চিকিৎসা-সম্বন্ধীয় সেবার মাধ্যমে প্রায় ৬ হাজার কৃষকের উপকার হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি
