দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব নিয়ে সরগরম ফুটবল দুনিয়া। এই প্রস্তাব নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে এরই মধ্যে এর পক্ষে ও বিপক্ষে অবস্থান নিচ্ছে দেশ এবং খেলোয়াড়, কোচেরা। ইয়ুর্গেন ক্লপের মতে এমন পরিকল্পনা মূলত টাকার জন্য।
সাবেক দুই ফুটবলার ব্রাজিলের রোনালদো এবং ডেনমার্কের পিটার স্মাইকেলের দুই বছর পরপর বিশ্বকাপ ভাবনা ভালো লেগেছে। এদিকে লিভারপুল কোচ ক্লপ এর বিপক্ষে মত দিয়েছেন। ক্লপ বলেন, ‘পৃথিবীতে অন্য কোনো স্পোর্টসের এমন ক্যালেন্ডার নেই। হ্যাঁ অ্যাথলেটিকস এবং ম্যারাথনে দৌড়াতে হয় কিন্তু তারা ৩০-৪০ বছর পর্যন্ত দৌড়ায় না। আমরা সবাই জানি এটা (দুই বছর পর বিশ্বকাপ পরিকল্পনা) কেন হচ্ছে। বলছে এটা অন্য দেশকে সুযোগ দিতে হচ্ছে। আসলে এসব হচ্ছে টাকার জন্য। মূল বিষয় এটিই।’
আন্তর্জাতিক ম্যাচের বার্ষিক সূচি নতুন করে সাজানোর অংশ হিসেবে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের ধারণা নিয়ে মাঝেমধ্যেই কথা বলছেন, ফিফার বিশ্ব ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার। সম্প্রতি ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারেও বিশ্বকাপের চার বছরের প্রথা পরিবর্তনের জন্য পুনরায় তার সমর্থন ব্যক্ত করেন আর্সেনালের সাবেক এই কোচ।
কনমেবলের না : এদিকে দুই বছর পর পর বিশ্বকাপের বিপক্ষে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। বিবৃতিতে জানানো হয়, ‘প্রস্তাবিত পরিবর্তনে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। এটি এমনকি অন্য টুর্নামেন্টগুলোর মান ঝুঁকিতে ফেলে দেবে, ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ের। দুই বিশ্বকাপের মাঝে সময়ের ব্যবধান কমানোর কোনো ক্রীড়াসুলভ যৌক্তিকতা নেই।’ ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান আলেকজান্দার সেফেরিনও বেশ কয়েকবার বলেছেন দুই বছর পর পর বিশ্বকাপ চান না।
