খুলনা বিশ্ববিদ্যালয়

সহকর্মীকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের শাস্তি দাবি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:৩০ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক কর্তৃক নারী সহকর্মীকে যৌন হয়রানির সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি সংস্থা জনউদ্যোগ। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, যৌন হয়রানির শিকার হলে নারীদের অবশ্যই অভিযোগ করার জন্য এগিয়ে আসতে হবে। অভিযোগ দায়ের না করলে অপরাধীরা অনায়াসেই পার পেয়ে যাবে। পরবর্তী সময়ে এইসব অপরাধী আবারও অন্যজনের সঙ্গে একই ধরনের অপরাধ করবে।

জনউদ্যোগের নারী সেলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, এস এম সোহরাব হোসেন, অ্যাডভোকেট মামুনর রশীদ, এস এম মাহাবুবুর রহমান খোকন, জেসমিন জামান, চিশতী মোস্তরী বানু, সঞ্চিতা দে, মুক্তা জামান, অনুপ কুমার মন্ডল, পরেশ কুমার সাহা,  মিজানুর রহমান বাবু, জনার্দন নান্টু, রঙ্গলাল মৃধা, মো. মনিরুজ্জামান, শাহ মো. অহিদুজ্জামান, ছাত্রনেতা সনজিত মন্ডল, খুবির শিক্ষার্থী আতিদ তূর্য্য, আশিক বিশ্বাস, নোমান প্রমুখ।

উল্লেখ্য, নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ছোটন দেবনাথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত শিক্ষককে গত ৬ সেপ্টেম্বর অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত