কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন

ডা. প্রাণ গোপাল দত্ত আ.লীগের প্রার্থী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৪ এএম

সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় আবারও আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের অপপ্রচার ও গুজব তৈরি হবে। সেই সব প্রতিরোধে কঠোর হতে হবে। এছাড়া তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংগঠনিক সফরের ওপর জোর দেন।

গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তিনি আবারও নেতাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় এ নির্দেশ দেন তিনি।

এদিকে সভায় কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সভায় কুমিল্লা-৭ আসন ছাড়াও ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় উপ-নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়নের এই তথ্য জানানো হয়।

 প্রসঙ্গত, গত ৩০ জুলাই চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আসনটি খালি হয়। তিনি পাঁচ বারের এমপি ছিলেন। তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া যশোর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদীর সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদে মো. রকিবুল হাসান শিবলী, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদে মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনীর সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

পাশাপাশি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মো. অয়েজ উদ্দিন বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলের উপ-নির্বাচনে মো. জিয়াউল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন জাতীয় সংসদের-২৫৫ কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুরি, চাঁদপুর জেলার শাহরাস্তি, যশোর সদর উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, বাগেরহাট জেলার কচুয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে। এসব নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থীদের গতকাল চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বৈঠক সম্পর্কে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ অর্থাৎ ২০২৩ সালের শেষ অথবা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন দলীয় সভাপতি। বৈঠকে মনোনয়ন চূড়ান্তের পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। দলের শৃঙ্খলা রক্ষায়ও কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলের প্রধান শেখ হাসিনা। আগামীতে যে কোনো নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

সভায় দলীয় সভাপতি বলেছেন, করোনার কারণে সাংগঠনিক কার্যক্রমে দল কিছুটা পিছিয়ে পড়েছে। সারা দেশ সফরের জন্য দলের পক্ষ থেকে যে ৮টা টিম করা হয়েছে, সেই টিমগুলোকে সফর শুরুর নির্দেশ দেন তিনি। এছাড়া আগামী নির্বাচনে ইশতেহার প্রণয়নে ইকোনমি অ্যাক্টিভিটির কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত