ভারতে নারী নির্যাতন বেড়েছে ৪৬ শতাংশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৬ এএম

চলতি বছর ভারতে নারী নির্যাতনের অভিযোগ প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নারী নির্যাতনে সবার ওপরে রয়েছে উত্তরপ্রদেশ। এরপরই রাজধানী দিল্লি। ভারতের জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) প্রতিবেদনের বরাতে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

এনসিডব্লিউ বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তাদের কাছে নারী নির্যাতন সম্পর্কিত মোট ১৯ হাজার ৯৫৩টি অভিযোগ জমা পড়েছে। গত বছর একই সময়ে এ ধরনের অভিযোগ এসেছিল ১৩ হাজার ৭১৮টি।

চলতি বছরের শুধু জুলাইতে ভারতজুড়ে নারী নির্যাতনের ৩ হাজার ২৪৮টি অভিযোগ পেয়েছে এনসিডব্লিউ। ২০১৫ সালের জুনের পর থেকে এক মাসে কখনই এত বেশি নারী নির্যাতনের অভিযোগ পায়নি সংগঠনটি। এনসিডব্লিউ

বলছে, চলতি বছর সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। সেখানে মাত্র আট মাসে নারীদের ওপর অত্যাচারের ১০ হাজার ৮৪টি অভিযোগ জমা পড়েছে। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে নারী নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে ২ হাজার ১৪৭টি। এ ছাড়া হরিয়ানায় অভিযোগের সংখ্যা ৯৯৫ ও মহারাষ্ট্রে ৯৭৪।

উত্তরপ্রদেশের অভিযোগের বেশিরভাগই নারীদের সম্মানহানি, ঘরোয়া অশান্তি ও যৌতুক দাবিতে বিবাহিত নারীদের ওপর অত্যাচারের ঘটনা। এ ছাড়া নারীদের যৌন হয়রানির অভিযোগ এসেছে ১ হাজার ১১৬টি, ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ ১ হাজার ২২টি এবং সাইবার অপরাধের অভিযোগ ৫৮৫টি।

এনসিডব্লিউর চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন, ‘নারী নির্যাতন-সংক্রান্ত অভিযোগের সংখ্যা বাড়ার কারণ মানুষ এখন অনেক সচেতন। চেপে না রেখে তারা নির্যাতনের অভিযোগ করছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত