খাগড়াছড়িতে সাবেক বাসদ নেতা টুটুলের লাশ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:১৮ এএম

খাগড়াছড়িতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক নেতা জাহেদ আহমেদ টুটুলের (৬০) মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল রবিবার সকালে মাটিরাঙ্গা-খাগড়াছড়ি সড়কের সাপমারা-ব্যাঙমারা এলাকার একটি সেতুর নিচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

কমরেড টুটুল গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এ মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী।

একসময় বাসদের (খালেকুজ্জামান) খাগড়াছড়ি জেলার সমন্বয়ক ছিলেন কমরেড টুটুল। দলে একাধিক ভাঙনের পর সর্বশেষ তিনি দলটির কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তীর নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের খাগড়াছড়ি জেলার সমন্বয়ক ছিলেন।

কমরেড টুটুলের ঘনিষ্ঠজন খাগড়াছড়ির ব্যবসায়ী ও সমাজকর্মী পলাশ চৌধুরী জানান, গত শনিবার দিনের বেলায় টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়–য়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। সন্ধ্যার দিকে নিজের মোটরসাইকেল চালিয়ে তিনি একা মাটিরাঙ্গার উদ্দেশে রওনা হন। কিন্তু রাত গভীর হলেও বাসায় না ফেরায় সহকর্মীরা বিভিন্ন জায়গায় তার খোঁজ করতে থাকেন। পরে গতকাল সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে মাটিরাঙ্গার সাপমারা-ব্যাঙমারা এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

রাজনৈতিক সহযোদ্ধারা জানান, কমরেড টুটুল পেশায় কৃষিজীবী হলেও পুরোদমে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি এলাকায় সমাজকল্যাণমূলক কাজেও জড়িত ছিলেন। মাটিরাঙ্গায় তার উদ্যোগে শিশুদের জন্য একটি স্কুল পরিচালিত হয়। বছর দশেক ধরে স্ত্রীর সঙ্গে সম্পর্কহীন ছিলেন টুটুল। তাদের টুনি আহমেদ নামে একটি মেয়ে আছে।

কমরেড টুটুলের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা। তারপরও পুলিশ তদন্ত করে দেখছে অন্য কোনো কারণ আছে কি না। তার (টুটুল) মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত