সারা দেশে চলমান সড়ক এবং সেতুর কাজ দ্রুত এগিয়ে নিয়ে করোনাকালের ধীরগতি এখন পুষিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘চলমান নির্মাণাধীন প্রকল্পগুলোর কাজ সম্পূর্ণ হলে সারা দেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।’
গতকাল রবিবার ঢাকা জোনের অধীনে নয়টি সেতু উদ্বোধন ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
আগামী বছর পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বিআরটি প্রকল্প উদ্বোধন করার আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বনশ্রী-আমুলিয়া-ডেমরা সড়কটি পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণ কাজও দ্রুত করতে হবে। জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে হবে।’ সড়ক নিরাপত্তা বিষয়ক প্রকল্প বাস্তবায়নের বিষয় মাথায় নিয়ে সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদার করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক সড়ক নিরাপত্তায় অর্থায়ন করবে বলে বারবার আগ্রহ প্রকাশ করেও সময়ক্ষেপণ করছে, এমতাবস্থায় তারা যদি আবারও বিলম্ব করে তাহলে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা প্রকল্পটি বাস্তবায়ন করবে।’
এদিকে ঢাকা সড়ক জোনের অধীনে গতকাল বিশ্ব ইজতেমা সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় দেশি প্রযুক্তিতে তৈরি দৃষ্টিনন্দন কামারপাড়া সেতু, গাজীপুর সড়ক বিভাগের আওতায় ধলাগড় সেতু, পাথর ধারা সেতু, মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর-ধামরাই-নবীনগর মহাসড়কে শালদহ সেতু, ফুলবাড়িয়া সেতু, বেগুনবাড়ি সেতু এবং মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতায় বেনীপুর সেতু, ডেমরান সেতু ও শরীফবাগ সেতুসহ মোট ৯টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর এবং ধামরাই প্রান্তে সংসদ সদস্য বেনজির আহমদ।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমসাময়িক রাজনৈতিক বিষয়ে ব্রিফিং করেন। ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ‘কার অধীনে নির্বাচন হবে সেটা মীমাংসিত বিষয়, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে কোনো পক্ষপাত হবে না। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।’
