শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা অপরিহার্য: প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৯ পিএম

বৈশ্বিক প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলাতে শিক্ষা কার্যক্রমকে আরও সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়ার ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আমাদেরও এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সে জন্য শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা একান্ত অপরিহার্য।’

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে শিক্ষা ব্যবস্থার আরও আধুনিকায়নের ওপর জোর দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের যে নীতিমালা আছে সে নীতিমালার ভিত্তিতে আমরা কাজ করবো। কিন্তু সব সময় সবার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এবং বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর এই বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের ক্ষেত্রে বিশ্ব যখন এগিয়ে যায়, তখন আমরা কোনো মতেই পিছিয়ে থাকতে পারি না।’

বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম- আমাদের দেশের ছেলেমেয়েদের বিজ্ঞানের প্রতি অনীহা। বিজ্ঞান শিক্ষা তারা নিতেই চাইতো না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান বিভাগের লোকই পাওয়া যেতো না- এ রকম একটা সময় কিন্তু ছিল। আমরা বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিই। ১২টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি।’

এ সময় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ওপর সরকারের বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত