পাঁচ বছর পর প্রেমের স্বীকারোক্তি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০৭ পিএম

অভিনেতা উদয় চোপড়া ও নার্গিস ফাখরির প্রেম নিয়ে পাঁচ বছর ধরে গুঞ্জন চলছে। তারা অবশ্য গৎবাঁধা কথাই বলে আসছিলেন, ‘আমরা কেবলই বন্ধু।’ অবশেষে নার্গিস মুখ খুললেন। ২০১৬ সালে উদয় চোপড়া ও নার্গিস ফাখরিকে নিয়ে প্রায়ই যখন নানা রকম খবর প্রকাশিত হচ্ছিল, তখন টুইটারে একটা বিবৃতি দিয়েছিলেন উদয়। তিনি লিখেছিলেন, ‘আমি ও নার্গিস ভালো বন্ধু। আমাদের নিয়ে যা ছড়াচ্ছে, সেসবের কোনো ভিত্তি নেই।’ এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা জাস্ট ফ্রেন্ড।’ এরপরই খবর রটে, উদয়-নার্গিসের বিচ্ছেদ হয়েছে। সেই শোক কাটাতে ‘হাউসফুল থ্রি’ ছবির প্রচারণা বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন নার্গিস। পরে তার এক মুখপাত্র জানিয়েছিলেন, নার্গিস আসলে ক্লান্ত। একটু বিশ্রাম নিতে গেছেন। পরের বছর আবার গুঞ্জন, মুম্বাইয়ে এক বাড়িতে সংসার পেতেছেন উদয়-নার্গিস। শিগগির বিয়ের কার্ড ছাপা হবে। এতকিছুর পরও তারা মুখে কুলুপ এঁটে বসেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, ‘উদয় হচ্ছে ভারতে আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ। পাঁচ বছর ধরে আমরা প্রেম করছি।’ কথাটা স্বীকার করতে এতদিন লেগে গেল কেন? নার্গিস বলেন, ‘সবাই আমাকে বলেছিল, প্রেম নিয়ে যেন চুপচাপ থাকি। কিন্তু সেটা ছিল ভুল। আমার তো উঁচু জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে সবাইকে বলা উচিত ছিল, চমৎকার হৃদয়ের একজন মানুষের সঙ্গে আমি আছি।’ সম্পর্কের ব্যাপারটা নিজেদের মধ্যে রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া একটা ভুয়া জায়গা; এখানকার বাসিন্দারা জানেন না সত্য আসলে কী! পর্দার আড়ালের খারাপ মানুষগুলোকে এখানে আইডল বানিয়ে ফেলা হয়।’ ২০১১ সালে ‘রকস্টার’ ছবির মাধ্যমে নার্গিসের বলিউডে অভিষেক। ম্যায় তেরা হিরো, মাদ্রাজ ক্যাফে, হাউসফুল থ্রি, ডিশুম ও ব্যাঞ্জো তাকে পরিচিতি এনে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত