মাথায় গুলি লেগে র‌্যাব সদস্যের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৬ এএম

রাজধানীর কুর্মিটোলায় মাথায় গুলি লেগে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম শুভ মল্ল (২৬)। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব সদর দপ্তরে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কনস্টেবল প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন। বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জে। গুলিটি শুভর নিজ রাইফেল থেকে লেগেছে বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘দুপুরে শুভ একাই সদর দপ্তরে ঢোকার চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। আড়াইটার দিকে হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। পরে র‌্যাব সদস্যরা কাছে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক বিকেল সোয়া ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। গুলিটি শুভর নিজ রাইফেল থেকে লেগেছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

এর আগে ৬ আগস্ট ঢাকার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আরেক কনস্টেবল মেহেদি হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত