নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ধ থাকা জুট মিলের যন্ত্রাংশ লুটের সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি করে। এ সময় দেশীয় অস্ত্র, পেট্রলবোমাসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটি ওয়াপদা এলাকায় বন্ধ থাকা মনোয়ারা জুট মিলের ভেতর থেকে পরিত্যক্ত মেশিনের যন্ত্রাংশ ট্রাকভর্তি করে নিয়ে যাচ্ছিল সন্ত্রাসীরা।
আটকরা হলো নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সাজুরা গ্রামের হান্নান (৩৬) ও সিদ্ধিরগঞ্জের আটি এলাকার জুয়েল হোসাইন (৩৫)। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল বাশার জানান, মনোয়ারা জুট মিলের ভেতর থেকে পরিত্যক্ত মেশিনারিজের যন্ত্রাংশ খুলে ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হই। এ সময় আট-দশ জনের একটি সন্ত্রাসী দল পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তারা পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে। আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড শটগানের গুলি করা হয়। একপর্যায় সন্ত্রাসীরা পিছু হটলে পেট্রলবোমাসহ হান্নান ও দেশীয় অস্ত্রসহ জুয়েল হোসাইনকে আটক করা হয়। পাশাপাশি মেশিনের যন্ত্রাংশভর্তি ট্রাকটিও জব্দ করা হয়।
