১৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩ হাজার ৮৬৫ জন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:১৫ এএম

রাজধানীসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ২৪৬ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন ভর্তি রয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল সোমবার পর্যন্ত বিকেলে দেয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৭১ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৮০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৯১ জন। চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। তাদের মধ্যে ১২ হাজার ৮৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী ঢাকায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৩৯ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৮২ জন। দেশে ডেঙ্গুতে মারা গেছে ৫৪ জন। যার মধ্যে ঢাকায় ৫০ জন এবং বাইরে মৃতের তালিকায় ৪ জন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত