জয়পুরহাটে প্রথম শ্রেণির দুই শিশুকে ধর্ষণের মামলায় আবু সালাম নামে এক ব্যক্তিকে ৬০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ ছাড়া ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এই রায় প্রদান করেন।
জয়পুরহাট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী (পিপি) বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আবু সালাম পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০১৭ সালের ৭ জুলাই পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের প্রথম শ্রেণির দুই শিশুকে সকাল ১০টায় প্রতিবেশী আবু সালাম ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন ।
সেখানে বেলা ১১টা পাঁচ মিনিটে দুই শিশু চিৎকার ও কান্নাকাটি শুরু করে। এ সময় প্রতিবেশীরা এসে ধাওয়া করে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে শিশু দুটির বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
