প্রতিষ্ঠিত ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথম সেঞ্চুরি পেলেন আইচ মোল্লা। তার সেঞ্চুরিতেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ যুব দল। সিলেটে ১২১ রানের বিশাল জয়ে ওয়ানডে সিরিজও নিশ্চিত করল স্বাগতিকরা। আগে ব্যাট করা বাংলাদেশ ৬ উইকেটে ২২২ রান তোলে। বাঁহাতি স্পিনার নাইমুর রহমানের ১৭ রানে ৫ উইকেটে আফগানদের ১০১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় দলের টানা দুই সিরিজের মতো যুব দলের সিরিজটিতেও রান হচ্ছে না মোটেই। গত দুই ম্যাচের চার ইনিংসে দলীয় সর্বোচ্চ স্কোর ছিল প্রথম ম্যাচে বাংলাদেশের ১৫৪। সেই ধারাবাহিকতা ভেঙে তৃতীয় ম্যাচে সিলেট স্টেডিয়ামে ভালো একটা সংগ্রহ গড়েন যুবারা। প্রতিকূল পিচেও দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন আইচ মোল্লা। দলীয় ৬ রানে ২ উইকেট হারালে ক্রিজে আসেন তিনি। একপ্রান্তে আগলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ১৩০ বলে ৪ ছক্কা ও ৮ চারে ১০৮ রানের ইনিংস খেলেন। ম্যাচসেরা আইচ মোল্লা বলেন, ‘সেঞ্চুরি করতে পেরে খুবই ভালো লাগছে। এতদিন পর আমরা খেলতে পারছি এবং আমাদের কোচ ও সাপোর্ট স্টাফরা যারা আছেন তারা আমাদের খুবই সমর্থন করছেন। এটা খুব গুরুত্ব রাখে।’
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৫০ ওভারে ২২২/৬ (আইচ মোল্লা ১০৮, আব্দুল্লাহ মামুন ৩২*, মফিজুল ২৭, আহমদজাই ৩/৩৯)। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : ৩৯.৪ ওভারে ১০১/১০ (বিলাল সাইদি ২২, ইজাজ ২১, নাইমুর ৫/১৭, রিপন ৩/১৭)।
ফল : বাংলাদেশ ১২১ রানে জয়ী। ম্যাচসেরা : আইচ মোল্লা।
