ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৮ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ২৩২ এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছে ৫৬ জন। একই সময়ে ডেঙ্গুতে তিনজন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৫৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৭ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৮৯ জন।
অন্যদিকে চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১৩ হাজার ১৯৬ জন হাসপাতাল ছেড়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছে ৫৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩ এবং বাইরে ৪ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকার।
