প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:১৭ এএম

দুর্দান্ত বোলিংয়ে ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। তাতে লক্ষ্যটা ছিল নাগালেই। যা তাড়া করতে নেমে কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস দলকে খুব সহজেই জয়ের বন্দরে নিয়ে গেলেন।

সহজ এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দিল দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১২১ রান তাড়া করতে নেমে ১০ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। হেনড্রিকস ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন। ডি কক ৪৬ বলে ৭ চারে খেলেন অপরাজিত ৫৯ রানের ইনিংস।

ফলে ৩২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। রান তাড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই তাদের সবচেয়ে বড় জয়।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার কুশল পেরেরার ব্যাট থেকে। শেষ দিকে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন চামিকা করুনারত্নে।

প্রোটিয়াদের পক্ষে সর্বাধিক দুটি করে উইকেট নেন বিয়ন ফোরটান ও কাগিজো রাবাদা। ম্যাচসেরা ও সিরেজ সেরা- দুটি পুরস্কারই পেয়েছেন কুইন্টন ডি কক।

টি-টোয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত