কম্পিউটার অপারেটরের ৪৬০ কোটি টাকার সম্পদ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:২৯ এএম

২০০১ সালে টেকনাফ স্থলবন্দরে চুক্তিভিত্তিক দৈনিক ১৩০ টাকা বেতনে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেন নুরুল ইসলাম (৪১)। সময়ের পরিক্রমায় তিনি ৪৬০ কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন। অবশেষে তিনি ধরা পড়েছেন র‌্যাবের হাতে। র‌্যাব জানিয়েছে, বন্দরে দালালিসহ অবৈধ পন্থায় অর্জিত এ অর্থের মাধ্যমে ঢাকায় ছয়টি বাড়ি ও ১৩টি প্লটের মালিক হয়েছেন নুরুল ইসলাম। এ ছাড়া সাভার, টেকনাফ, সেন্টমার্টিন, ভোলাসহ বিভিন্ন জায়গায় নামে-বেনামে ৩৭টি প্লট, বাগানবাড়ি ও বাড়ির মালিক হয়েছেন তিনি। অবৈধভাবে তার অর্জিত সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৪৬০ কোটি টাকা।

গত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। দালালির মাধ্যমে অবৈধভাবে টাকা উপার্জন, মাদক ও জাল টাকা থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নুরুল ইসলামের কাছ থেকে ৩ লাখ ৪৬ হাজার ৫০০ জাল টাকা, ৩ লাখ ৮০ হাজার মিয়ানমারের মুদ্রা, ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ১ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

নুরুল টেকনাফ বন্দরকেন্দ্রিক দালাল সিন্ডিকেটের অন্যতম হোতা উল্লেখ করে তিনি বলেন, তার সিন্ডিকেটের ১০-১৫ জন সদস্য রয়েছে। এ সিন্ডিকেটটি পণ্য খালাস, পরিবহন সিরিয়াল নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ মালামাল খালাসে সক্রিয় ছিল। এ ছাড়া কাঠ, শুঁটকি, আচার, মাছের আড়ালে ইয়াবাসহ অবৈধ পণ্য নিয়ে আসত। চক্রটি টেকনাফ বন্দর, ট্রাক স্ট্যান্ড, বন্দর লেবার ও জাহাজের আগমন-বহির্গমন নিয়ন্ত্রণ করত।

তিনি বলেন, অবৈধ আয়ের উৎস ধামাচাপা দিতে তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করেন। এর মধ্যে এমএস আল নাহিয়ান এন্টারপ্রাইজ, এমএস মিফতাউল এন্টারপ্রাইজ, এমএস আলকা এন্টারপ্রাইজ, আলকা রিয়েল এস্টেট লিমিটেড এবং এমএস কানিজ এন্টারপ্রাইজ অন্যতম। তার নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে ১৯টি অ্যাকাউন্ট রয়েছে।

তার সঙ্গে কারা জড়িত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কম্পিউটার অপারেটর থাকাকালে বন্দরের বেশিরভাগ লোক তাকে চিনতেন এবং সবার সঙ্গেই তার সুসম্পর্ক ছিল। এ কারণে তার স্বার্থসংশ্লিষ্ট কাজ করতে সুবিধা হতো। তার সঙ্গে দু-একজন ব্যক্তি নয়, অনেকেই তার কাজে সহযোগিতা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কারও নাম বলেননি, পরে জিজ্ঞাসাবাদে নাম জানা যাবে।

কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত বন্দরকেন্দ্রিক অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল। সাভারে একটি পার্ক ও বন্দরে জাহাজ কেনার পরিকল্পনাও করেছিলেন তিনি।

জাল টাকার বিষয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার নুরুলের বাসায় জাল টাকা পাওয়া গেছে। তিনি এই জাল টাকা দিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত