সাকিবের আইপিএল একাদশে জায়গা হয়নি গেইল-ডি ভিলিয়ার্সের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮ পিএম

আইপিএল খেলতে গত রবিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। স্থগিত থাকা এই ফ্র্যাঞ্চাইজি আসর ফের শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আবুধাবিতে ২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়ে আইপিএলের বাকি অংশের অভিযান শুরু করবে কেকেআর।

তার আগে নিজের পছন্দের সেরা একাদশ সাজিয়েছেন সাকিব। যেখানে তিনি রাখেননি নিজেকেও। এমনকি জায়গা হয়নি ছক্কা-চারের খেলা টি-টোয়েন্টি সংস্করণের দুই অবিসংবাদিত রাজা ক্রিস গেইল ও এবিডি ভিলিয়ার্সের। অথচ আইপিএলে সর্বোচ্চ ছক্কা মারার শীর্ষে আছেন গেইল। পরের স্থানে ডি ভিলিয়ার্স।

সাকিবের সেরা একাদশে বিদেশি খেলোয়াড়দের মধ্যে জায়গা পেয়েছেন কেবল তিনজন— ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বেন স্টোকস (ইংল্যান্ড) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)। একাদশের বাকি আটজনই ভারতের। অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে আছেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি।

২০১১ সাল থেকে আইপিএলে খেলছেন সাকিব। প্রথম দফায় ২০১৭ সাল পর্যন্ত কলকাতায় ছিলেন তিনি। পরে ২০১৮-১৯ মৌসুম খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ২০২১ সালে ফের কেকেআরে যোগ দেন সাকিব।

সাকিবের আইপিএল একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক-উইকেটরক্ষক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত