বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সের নামকরণ হবে কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের নামে। এই ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ক্রীড়াবিদদের জন্য প্রদেয় আর্থিক সহায়তার চেক/সঞ্চয়পত্র ও ফ্ল্যাটের বরাদ্দপত্র প্রধানমন্ত্রীর পক্ষে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানেই এই ঘোষণা দেন তিনি।
এ সময় প্রয়াত বাদল রায়ের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া ২৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্রের চেক ও একটি ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘বাদল রায়ের অনেক অবদান ফুটবলে। তিনি একজন কীর্তিমান মানুষ ছিলেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সের নামকরণের সিদ্ধান্ত নিয়েছি।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স বাদল রায়ের নামে করার কারণও ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘এটা আমাদের এক নম্বর স্টেডিয়াম। এই স্টেডিয়ামের কোথায় কী নামকরণ করা যায়, তা নিয়ে আমরা কয়েকজনের মতামত নিয়েছি। সেই আলোকেই ‘বাদল রায় প্রেসবক্স বা মিডিয়া বক্স’ যাই বলি না কেন নামকরণ হবে।’
এই ঘোষণা শুনে বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বলেছেন, ‘আজকে এভাবে ঘোষণা হবে আমি ভাবিনি। বুঝতেও পারিনি। এটা আমাদের জন্য একটা চমক। আর প্রধানমন্ত্রী বাদলের কাছে ছিলেন একজন মমতাময়ী মা। তার যে উপহার পেলাম, তাও আমার জন্য অনেক বেশি। আমি আশা করব প্রধানমন্ত্রীর আশীর্বাদ আমার ছেলে ও মেয়ের ওপর সব সময় থাকবে।’
ক্রীড়াবিদ ও সংগঠকদের মাঝে এদিন মোট ১ কোটি ১০ লাখ টাকার চেক/ সঞ্চয়পত্র ও ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
