ঝালকাঠির রাজাপুরে যৌন নির্যাতনের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি মো. ছিদ্দিকুর রহমান সিকদারকে (৫০) গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার কেওতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছিদ্দিকুর রহমান উপজেলার কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী ও ছিদ্দিকুর একই এলাকায় বসবাস করেন। তারা পূর্ব থেকেই পরিচিত ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর দুপুরে অভিযুক্ত ছিদ্দিকুর রহমান ভুক্তভোগীকে রাস্তা থেকে ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা চালান। ওইদিন রাতেই অভিযুক্তকে আসামি করে রাজাপুর থানায় মামলা করা হয়। মামলার পরে রাতে অভিযুক্ত ছিদ্দিকুরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন বলেন, ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
