দুবাইয়ের প্রদর্শনীতে বিশ^ উদ্যোক্তারা এক নতুন শক্তিশালী বাংলাদেশকে দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, এক্সপো ২০২০ দুবাইয়ে নতুন বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে এফবিসিসিআই। অংশগ্রহণকে সর্বাঙ্গীণভাবে সফল করতে সরকারের সহায়তা কামনা করেন তিনি।
গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এমন মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, আগামী ১ অক্টোবর থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিতব্য ছয় মাসের এই আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে বেসরকারি খাতের সঙ্গে বিশেষ সভার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ১৮০ দিন মেয়াদের এই প্রদর্শনী বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী দিকগুলো তুলে ধরতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে সে জন্য বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি জানান, দুবাই এক্সপোতে দেশের সম্ভাবনাময় সব খাতকে তুলে ধরতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশেষায়িত কমিটি কাজ করছে। দুবাই প্রদর্শনীতে বিজনেস ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সাংসদ মো. শফিউল ইসলাম মহিউদ্দীন। তিনি বলেন, এই আয়োজন বাংলাদেশের সামনে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিশাল বাজার ধরার সুযোগ এনে দিয়েছে।
