কিডনি অপসারণের পর কেবিনে আলিফ আলাউদ্দীন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৭ এএম

অস্ত্রোপচারের মাধ্যমে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনের একটি কিডনি অপসারণ করা হয়েছে।

আলিফের স্বামী সংগীতশিল্পী কাজী ফয়সাল আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার আলিফের অস্ত্রোপচার হয়। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট–অপারেটিভ কেয়ারে রাখা হয়েছিল। বুধবার দুপুরে সেখান থেকে কেবিনে নেওয়া হয়েছে।

ফয়সাল বললেন, ‘এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে আছে আলিফ। ডায়ালাইসিস শুরু হয়েছে। অস্ত্রোপচার শেষে আলিফের একটি কিডনি অপসারণ করা হয়েছে। আরেকটি কিডনির অবস্থাও খুব একটা ভালো না। সবাই ওর জন্য দোয়া করবেন।’

ফয়সাল আরো জানান, কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নেই। ডোনার পাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। এরপর আছে আরো অনেক কাজ। ডোনার খোঁজার পাশাপাশি দেশের বাইরের হাসপাতালেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

প্রায় ২০ বছর ধরে গান গাওয়ার পাশাপাশি আলিফ আলাউদ্দীন বিভিন্ন মিউজিক্যাল শো উপস্থাপনা করে আসছেন। তিনি প্রখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মেয়ে।

আলিফ পলিসিস্টিক কিডনি রোগে ভুগছেন অনেকদিন ধরেই। এত বছর পরিবারের লোক ছাড়া কাউকে সেটা জানতে দেননি। হাসিমুখে কাজ করে গেছেন।

ফয়সাল জানান, এই অসুখটি আলিফ পেয়েছেন তার মায়ের কাছে। এটি জেনেটিক রোগ। তার মাও একই রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালে বিদায় নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত