আদালতে জব্দ গাড়ি-ফোন ফেরত চাইলেন পরী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৯ এএম

গাড়ি ও মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করায় ভোগান্তিতে পড়েছেন জানিয়ে সেসব ফিরে পাওয়ার জন্য আদালতে আবেদন করেছেন আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণি। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি গাড়ি, ল্যাপটপ, আইফোন, প্রসাধনী ও চাবির বাক্সসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ফিরে পেতে আবেদন করেছেন।

এর আগে একই আদালতে মাদকের মামলায় হাজিরা দেন পরীমণি। গত ৪ আগস্ট ঢাকার বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়।

গতকাল আদালতে পরীমণি বলেছেন, তার বাসায় অভিযান চালিয়ে অনেক কিছুই র‌্যাব সদস্যরা নিয়ে গিয়েছে। গাড়ির কাগজপত্রও তার কাছে নেই। ফলে এখন আদালতে জমা দেওয়ার মতো কোনো কাগজপত্র তার কাছে নেই।

এদিকে পরীমণির বিরুদ্ধে হওয়া মামলায় জব্দ করা গাড়ির মালিকানা যাচাই করতে বিআরটিএ-কে নির্দেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে আদালত এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ১০ অক্টোবর পরবর্তী তারিখ ঠিক করেছে। গতকাল এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে পুলিশের পক্ষ থেকে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। অন্যদিকে গতকাল পরীমণির আদালতে হাজিরা দেওয়ার দিন ধার্য ছিল। সে অনুযায়ী তিনি আদালতে হাজির হন।

পরীমণি গতকাল সকাল সাড়ে ১০টার পর আদালত এলাকায় আসেন। আদালত চত্বরে আসার পর তাকে একনজর দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করেন। তখন পরীমণি গাড়িতে অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা আদালত চত্বরে অবস্থান করার পর দুপুর ১২টার দিকে মামলার শুনানি শুরু হয়। তখন কড়া নিরাপত্তায় পরীমণি আদালতের এজলাসকক্ষে যান। তিনি এজলাসে দাঁড়িয়ে থাকেন। এ সময় পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত আদালতে বলেন, পরীমণির গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির ভেতর মালিকানাসংক্রান্ত কাগজপত্র ছিল। গাড়িটি নিয়ে যাওয়ায় কোনো কাগজপত্র পরীমণির কাছে নেই। এজন্য গাড়ির মালিকানাসংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।

এই আইনজীবী আদালতে আরও বলেন, পরীমণির আইপ্যাড, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্রও (আলামত) জব্দ করা হয়েছে। এসব প্রয়োজনীয় জিনিসপত্র না থাকায় পরীমণি এখন নানা সমস্যায় পড়ছেন। বিশেষ করে গাড়ি না থাকায় তিনি নিরাপত্তা হুমকির মধ্যে আছেন। মানবিক কারণে যেকোনো শর্তে তার জব্দ করা গাড়িটা ফেরত দেওয়ার আবেদন জানান তিনি। একপর্যায়ে পরীমণি নিজেই আদালতে কথা বলেন। বিচারকের উদ্দেশে তিনি বলেন ‘স্যার, আমার বাসা থেকে অনেক কিছুই নিয়ে যাওয়া হয়েছে। বাসার বিভিন্ন চাবিও নিয়ে যাওয়া হয়েছে। এখন আমি ছাড়া আদালতে জমা দেওয়ার মতো কোনো কাগজপত্র আমার কাছে নেই।’

পরীমণির গাড়ি ফেরত চেয়ে করা আবেদনের বিরোধিতা করে আদালতে বক্তব্য তুলে ধরেন সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান। তিনি আদালতে বলেন, ‘গাড়ির মালিকানা যাচাই ছাড়া জিম্মায় কীভাবে দেওয়া সম্ভব? যেহেতু পরীমণি ও তার আইনজীবী বলছেন, গাড়িসহ অন্যান্য জিনিসপত্রের মালিকানার কাগজপত্র নেই, তাই তার আবেদন নাকচ করা হোক।’

আদালত উভয়পক্ষের শুনানি নিয়ে পরীমণির গাড়ির মালিকানা যাচাই করতে বিআরটিএ-কে নির্দেশ দেয়। শুনানি শেষে পরীমণি আদালত ত্যাগ করেন। যাওয়ার আগে তিনি তার গাড়ির হুড খুলে তাকে দেখতে ভিড় করা উৎসুক মানুষের দিকে হাত নাড়েন।

গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় কয়েক ঘণ্টা ধরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত