মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট দুই বিচারিক হাকিম যে ব্যাখ্যা দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারেনি হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার তাদের এই অসন্তুষ্টির কথা জানিয়েছে।
পরীমণিকে একাধিকবার রিমান্ডে নেওয়ার বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে ১০ দিনের মধ্যে দুই বিচারক ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামের ব্যাখ্যা চায়। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফাকে মামলার নথিসহ ১৫ সেপ্টেম্বর হাজির হতে তলব করে। এরই ধারাবাহিকতায় দুই বিচারিক হাকিম তাদের লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে জমা দেন। গতকাল দুজনের ব্যাখ্যা হাইকোর্টের এই বেঞ্চে উপস্থাপন করা হয়। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা পরীমণির মামলার নথি উপস্থাপন করেন।
আদালতে পরীমণির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘দুজন বিচারক যে ব্যাখ্যা দিয়েছেন তাতে হাইকোর্ট অসন্তুষ্ট। হাইকোর্ট বলেছেন যে, তারা (হাইকোর্ট) যেভাবে ব্যাখ্যা চেয়েছিলেন এবং দুজন যেভাবে তা দিয়েছেন তাতে হাইকোর্ট সন্তুষ্ট নন। হাইকোর্ট আরও বলেছেন, রিমান্ড নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যে গাইডলাইন এবং প্রচলিত আইনের বিরুদ্ধে তারা। দুজন উচ্চ আদালতকে আন্ডার মাইন (হেয়) করেছেন। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য রাখেন। ওইদিন তদন্ত কর্মকর্তাকে হাজির হতে বলেছেন হাইকোর্ট।’
গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর ১২ নম্বর সড়কের বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদসহ বিভিন্ন মাদক জব্দের কথা জানায় র্যাব। পরদিন ৫ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে পরীমণিকে প্রথমে চার দিন এবং ১০ আগস্ট আবারও দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। বনানী থানায় হওয়া মামলায় গত ১৯ আগস্ট পরীমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মুখ্য মহানগর হাকিম আদালতে পরীমণির জামিনের আবেদন নাকচ হওয়ার পর গত ২২ আগস্ট এক আদেশে জামিনের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে। বিলম্বে জামিন শুনানি চ্যালেঞ্জ করলে গত ২৬ আগস্ট পরীমণির দ্রুত জামিন প্রশ্নে হাইকোর্ট রুল জারি করে। গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরীমণিকে জামিনের আদেশ দিলে পরদিন কারাগার থেকে মুক্তি পান এ চিত্রনায়িকা।
