চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই দুর্দান্ত গোল করেছেন জ্যাক গ্রিলিশ। ৯ গোলের ম্যাচে তার দল ম্যানচেস্টার সিটিও পেয়েছে বড় জয়।
অন্যদিকে হ্যাটট্রিক করেও হার দেখতে হলো ক্রিস্টোফার এনকুকুকে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনরা ৬-৩ গোলে হারিয়েছে জার্মান ক্লাব লাইপজিগকে।
গত আসরে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল সিটি। কিন্তু পেপ গার্দিওলার শিষ্যদের হৃদয় ভেঙে শিরোপা উৎসব করে চেলসি। এবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই তারা যেন সেই হারের ক্ষোভ উগরে দিল লাইপজিগের ওপর।
বুন্দেসলিগার গত আসরের রানার্স-আপদের বিপক্ষে শুরু থেকে একের পর এক দর্শনীয় আক্রমণ সাজায় ইংলিশ চ্যাম্পিয়নরা। ১৬তম মিনিটে গ্রিলিশের পাস থেকে সিটিকে এগিয়ে দেন নাথান আকে। ২৮তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে লাইপজিগ।
তবে ৪২তম মিনিটে এনকুকুর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় জার্মান ক্লাবটি। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধানটা ৩-১ করেন রিয়াদ মাহরেজ।
৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে আবারও লাইপজিগকে লড়াইয়ে ফেরান এনকুকু। তবে এবার ব্যবধানটা ৪-২ করেন ব্রিটিশ রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাস্টন ভিলা ছেড়ে ইতিহাদে আসা গ্রিলিশ।
কিন্তু তখনও আশা হারাননি এনকুকু। ৭৩তম মিনিটে হ্যাটট্রিক গোলে আবারও লাইপজিগের ব্যবধান কমান এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার। কিন্তু দুর্ভাগ্য হেসে মাসশের শিষ্যদের। ৭৫তম মিনিট হোয়াও কানসেলো সিটির হয়ে পঞ্চম গোলটি করেন।
এর চার মিনিট পর দশ জনের দল হয়ে পড়ে লাইপজিগ। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাঙ্গেলিনো। গত মৌসুমেই ইতিহাদ ছেড়ে লাইপজিগে যোগ দেন এই ডিফেন্ডার। কিন্তু ম্যাচ এখানে শেষ নয়। ৮৫তম মিনিটে সিটির ষষ্ঠ গোল করেন বদলি হিসেবে মাঠে নামা গ্যাব্রিয়েল জেসুস।
সিটিকে গ্রুপ পর্বে আরেকটি বড় পরীক্ষায় মুখোমুখি হতে পিএসজির বিপক্ষে। ম্যাচটি হবে ২৮ সেপ্টেম্বর।
