জমল না ত্রিফলার প্রথম ম্যাচ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫ এএম

লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই সমর্থকরা অপেক্ষায় ছিলেন কবে মেসি-নেইমার-এমবাপেকে একসঙ্গে মাঠে খেলতে দেখবেন। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বুধবার বেলজিয়ান ক্লাব ব্রুজের বিপক্ষে ত্রিফলা একসঙ্গে খেললেন ৫১ মিনিট। কিন্তু তাদের খেলা আশা মেটাতে পারেনি ফুটবলপ্রেমীদের। মেসি-নেইমার-এমবাপে আক্রমণভাগে। অনেকেই ভেবেছিলেন হয়তো গোলবন্যায় ভেসে যাবে ক্লাব ব্রুজ। কিন্তু জয় তো পায়ইনি পিএসজি। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। মেসির একটি শট বারে লেগে না ফিরলে হয়তো ফল অন্যরকম হতে পারত।

১৫ মিনিটে বাঁদিক দিয়ে আক্রমণে ওঠা এমবাপে দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সে কাটব্যাক করেন। জাল খুঁজে নেন আন্দের হেরেরা। চলতি মৌসুমে ৭ ম্যাচে চতুর্থ গোল এই মিডফিল্ডারের। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মেসির পাসে এমবাপে পা ছোঁয়ালেও দারুণ সেভ করেন ব্রুজ গোলকিপার সিমোন মিনোলে। ২৭ মিনিটে লেফটব্যাক এদুয়ার্দ সোবোলের সহায়তায় দলকে সমতায় ফেরান ব্রুজের অধিনায়ক বেলজিয়ান মিডফিল্ডার হান্স ভানাকেন। ২৯ মিনিটে মেসির শট ক্রসবারের ওপরের দিকে লেগে বেরিয়ে যায়। চার মিনিট পর ফানাকেনের ফ্রি কিক বাঁদিকে ঝাঁপিয়ে ফেরান পিএসজি গোলকিপার নাভাস।

উইনালডাম ও লেয়ান্দ্রো পারেদেসকে তুলে দ্বিতীয়ার্ধের শুরুতে ড্রাক্সলার ও দানিলোকে নামান কোচ পচেত্তিনো। তাতেও কোনো লাভ হয়নি। ৫১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপে। বদলি নামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। ৮০ মিনিটে বক্সের ভেতর বাঁ পায়ে শট নিয়েছিলেন মেসি। কিন্তু বল যায় বেশ বাইরে দিয়ে।

এমএনএমের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নবাণ সামলাতে হয়েছে পচেত্তিনোকে। ‘এই তিন তারকার একসঙ্গে ভালো খেলতে সময় দিতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। আমি তো আগেই ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছি আমাদের অনেক বড় বড় তারকা থাকলেও আমরা এখনো সত্যিকারের একটি দল হয়ে উঠতে পারিনি। এ জন্য আমাদের অনেক কাজ করতে হবে। অনেক পরিশ্রম করতে হবে।’ দলে আরও অনেক বেশি ধারাবাহিকতা দরকার বলে মনে করেন এই আর্জেন্টাইন কোচ, ‘আমাদের দলে গতি দরকার, দরকার খেলোয়াড়দের ধারাবাহিকতা। আমরা অনেক বেশি ভুল করছি। এসব করা যাবে না। তবে এত কিছুর পরও দলের খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমাদের এখন নীরবে নিজেদের কাজটা সঠিকভাবে করে যেতে হবে।’

ম্যানসিটির গোল উৎসব

২৮ সেপ্টেম্বর পিএসজির পরের ম্যাচ যাদের সঙ্গে সেই ম্যানচেস্টার সিটি বুধবার রাতে ঘরের মাঠে লাইপজিগকে ৬-৩ গোলে বিধ্বস্ত করেছে। লাইপজিগের হয়ে হ্যাটট্রিক করেন ক্রিস্টোফার এনকুকু। ৪২ মিনিটে তার প্রথম গোলের আগেই অতিথিরা ০-২ গোলে পিছিয়ে পড়ে। জ্যাক গ্রিলিশের কর্নারে হেডে ডিফেন্ডার নাথান আকে ১৬ মিনিটে এবং ডি ব্রুইনের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে লাইপজিগের এক ডিফেন্ডার বল পাঠান নিজেদেরই জালে। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন রিয়াদ মাহরেজ। ৫১ মিনিটে দানি ওলমোর ক্রসে দারুণ হেডে এনকুকু তার দ্বিতীয় গোল করার ৫ মিনিটের মধ্যে গ্রিলিশ চ্যাম্পিয়নস লিগে তার অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখেন গোল করে। ৭৩ মিনিটে এনকুকু পূর্ণ করেন হ্যাটট্রিক। ৭৫ ও ৮৫ মিনিটে হোয়াও ক্যানসেলো আর গ্যাব্রিয়েল জেসুস দুই গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত